আমাদের মজনুর গল্প
সৈকত দে
জুঁই নারিকেল তেলের চুলের এড দেখে আবেগে কাইন্দালাইলো মজনু।
তার প্রেম ছুটে গেছে।
সে একা ঘরে বসে বলাকা ব্লেড দিয়ে চুল কাটে।
নির্মূল করে।
আয়নায় দেখে নতজানু সে ক্লান্ত।
প্যান্ট পরে নিয়ে বেরিয়ে সে দুইটা ডার্বি কেনে।
এখন আর প্যাকেট কেনে না।
ছেড়ে দিতে হবে।
সুলতার ফোন বন্ধ। সে নারীদিবসের সেমিনারে গেছে। ভাবে সেমিনারহলের বাইরে গিয়ে বসে থাকলে দেখবে সুলতাকে। কিন্তু যায় না। আবার বাসায় আসে।
একটা হাতুড়ি দিয়ে যত্ন নিয়ে ফোনটাকে গুঁড়ো করে ফ্ল্যাশ করে। একদম মিহি করে। তার আঙ্গুল থেতলে যায় হালকা।
আয়নায় নিজেকে দেখে।
ফোম সেভ করে। স্নান করে। তার ঘুম পায়।
ঘুমের ভেতর দেখে সুলতা আসলে মানিপ্ল্যান্ট গাছ তাতে অজস্র জোনাকি।
সে আরো ঘুমে তলায়।
সেখানে আর কেউ নেই।

