বিল্বমমঙ্গলের কথা
নিজের বউ সিঁদুর না দিলে অন্যের প্রেমিকার মতন লাগে কমরেড বিল্বমঙ্গলের। সে চেয়ে থাকে, চেয়ে থাকে। বউ রাতে সিরিয়াল দেখে, মেয়ে সিরিয়াল খেতে খেতে টিভির দিকে তাকিয়ে আর অই অবসরে কমরেড বিল্ব ভিভাল্ডি শোনে। অই তার আশ্রয়। আহা! ভেবেছিলো পাহাড়ে গিয়ে সেনাবাহিনির সাথে গেরিলা যুদ্ধ করবে, ব্যায়াম করে মার্শাল আর্ট শিখে প্রস্তুতিও নিয়েছিলো কিন্তু সংসারে জড়াতে হলো।
বিপ্লবী দলের অর্থ সংগ্রহ প্রসঙ্গে বইটি বিল্বকে মানুষ করেছিলো। জনগণের পার্টি জনগণ চালাবে, চিন্তা হিসেবে ভালো। লোকজনকে বুঝিয়ে বুঝিয়ে, সারাদিনে শহর ঘুরে আটখানা টিমের হয়ত হাজার পাঁচেক সংগ্রহ। বৌদ্ধ শ্রমণের চাল সংগ্রহের মতন। নেতারা অফিসে বসে পত্রিকা পড়ছেন। তারা তেতে পুড়ে এসে ফিল্টার থেকে দু এক গ্লাস জল খায়। ও গ্লাস প্রতি এক টাকা পাশের বক্সে জমা করে। এথিকস হে! একদিন এমনকি এক টাকাও ছিলো না। জল খেয়ে পরের দুদিন কী অপরাধবোধ! এক টাকা গুঁজে দিয়ে শান্তি।
***
পার্টি ভাঙার পর কমরেড বিল্বমঙ্গল মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলো। আর যখন শুনলো পার্টির বাস ব্যবসা, শেয়ার ব্যবসা আছে এবং তিন কোটি বিশ লাখের ফ্ল্যাট তখন কাউকে কিছুই না বলে চুপচাপ নেমে এসেছিলো অফিস থেকে। চুপচাপ। কোনো গালি নয়। কোনো কিছুই নয়। চুপচাপ, বিয়ের পিঁড়িতে বসে গিয়েছিলো।
ভিভাল্ডি শুনতে শুনতে কমরেড বিল্বমঙ্গলের চোখ ভিজে আসে। টিভির ঘরে এসে দেখে কমরেড বদিউজ্জামান টকশোতে কি যেন বলছেন৷ তার মেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। বউ সোফায় কাত হয়ে ঘুম৷ মায়ায় তার, কমরেড বিল্বমঙ্গলের বুক ভরে ওঠে।

